মন্টিনিগ্রোর কাছে হার, লেবাননের সঙ্গে জয়

ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডের নবম রাউন্ডে ওপেন বিভাগে ৬৪ নম্বর সিডেড বাংলাদেশ দল ০.৫-৩.৫ গেম পয়েন্টে ৪০ নম্বর সিডেড মন্টিনিগ্রোর কাছে পরািজত হয়েছে। তবে ৭২ নম্বর সিডেড বাংলাদেশ নারী দল একই রাউন্ডে ৩-১ গেম পয়েন্টে হারিয়েছে ১২০ নম্বর সিডেড লেবাননকে।

নবম রাউন্ড শেষে নারী বিভাগে বাংলাদেশ নারী দল ৯ ম্যাচে ১১ পয়েন্ট এবং ওপেন বিভাগে বাংলাদেশ দল ১০ পয়েন্ট সংগ্রহ করেছে।

উজবেকস্তানের সমরকন্দ শহরে ২৫ সেপ্টেম্বর নবম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ দলের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান মন্টিনিগ্রোর গ্র্যান্ডমাস্টার ক্যাডরিক ডেনিসের সাথে ড্র করেন। আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে মন্টিনিগ্রোর গ্র্যান্ডমাস্টার পেট্রোভ নিকিতা, গ্র্যান্ডমাস্টার জুকিস নিকোলা ও গ্র্যান্ডমাস্টার দ্রাসকোভিচ লুকার কাছে হেরে যান।

অপরদিকে বাংলাদেশ নারী দলের নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে লেবাননের নারী ক্যান্ডিডেটমাস্টার আল আসমার রেমি, আবুউ তাম ফাতিমা ও কোবেইসি জেসিকাকে পরাজিত করেন। নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ লেবাননের আতিয়েহ কেটের কাছে হেরে যান।

নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ৯ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে নারী ফিদেমাস্টার খেতাব অর্জন করেছেন।

২৬ সেপ্টেম্বর দশম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ লেবাননের সাথে ও নারী বিভাগে বাংলাদেশ নারী দল মন্টিনিগ্রোর নারী দলের সাথে মোকাবেলা করবে।