চৌষট্টি খোপের দাবার জমিনে যেন পড়ন্ত বিকেলের আয়েশি মেজাজেই খেলে চলেছেন বাংলাদেশ পুলিশের সাবেক কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বয়স ৬২ পেরোলেও আন্তর্জাতিক রেটেড এই দাবাড়ুর বোর্ডের চালগুলোতে তারুণ্যের ছাপ স্পষ্ট। কুওয়াক আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্টে খেলতে নেমে সেটিই যেন আরও একবার প্রমাণ করলেন তিনি।
উদীয়মান তরুণ দাবাড়ুদের পেছনে ফেলে দারুণ নৈপুণ্যে শিরোপা জিতে নিয়েছেন আসাদুজ্জামান। সাত রাউন্ডের লড়াই শেষে তিনি সংগ্রহ করেন ৬ পয়েন্ট। সমান পয়েন্ট পেয়েছিলেন আরও দুই দাবাড়ু। তবে টাইব্রেকিং পদ্ধতিতে সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন অভিজ্ঞ এই দাবাড়ু।
সমান ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন রায়ান রশিদ মুগ্ধ। তৃতীয় হন আহনাফ শেহজাদ। তরুণ দাবাড়ুদের দাপটের এই প্রতিযোগিতায় অভিজ্ঞ আসাদুজ্জামানের শিরোপা জয় তাই বাড়তি গুরুত্বই বহন করছে।
গত ৪ সেপ্টেম্বর মগবাজারের রাজ্জাক টাওয়ারে অনুষ্ঠিত হয় কুওয়াক আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট। সাত রাউন্ডের সুইস লিগ পদ্ধতিতে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন ৫৯ জন দাবাড়ু। প্রতিটি রাউন্ডেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত সেরা নৈপুণ্য দেখিয়ে শিরোপা ও নগদ অর্থ পুরস্কার জিতে নেন মো. আসাদুজ্জামান।
চৌষট্টি খোপের এই লড়াইয়ে তার শিরোপা জয় যেন আবারও মনে করিয়ে দিল—দাবার বোর্ডে বয়স কেবলই একটি সংখ্যা; মেধা, অভিজ্ঞতা ও ঠান্ডা মাথার কৌশলই শেষ কথা।
