তুরস্কের কাছে পুুরুষ ও নারী দলের হার

ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডে তুরস্কের কাছে ওপেন বিভাগে বাংলাদেশ পুরুষ দল ও নারী বিভাগে বাংলাদেশ নারী দল হেরে গেছে। উভয় বিভাগে বাংলাদেশ দল দুই ম্যাচে দুই পয়েন্ট করে সংগ্রহ করেছে।

উজবেকস্তানের সমরকন্দ শহরে ১৭ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ডে ওপেন বিভাগে ৬৪ নম্বর সিডেড বাংলাদেশ দল ১৪ নম্বর সিডেড দল তুরস্কের কাছে ১.৫-২.৫ গেম পয়েন্টে পরাজিত হয়েছে।

অপরদিকে একই দিনে একই রাউন্ডে ২৬ নম্বর সিডেড তুরস্ক নারী দলের কাছে ০.৫-৩.৫ গেম পয়েন্টে হেরে যায় ৭২ নম্বর সিডেড বাংলাদেশ নারী দল।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে ওপেন বিভাগে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে তুরস্কের গ্র্যান্ডমাস্টার ক্যান ইসিক, গ্র্যান্ডমাস্টার সানাল ভাহাপ ও গ্র্যান্ডমাস্টার জান এমরের সাথে ড্র করেন। তবে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তুরস্কের গ্র্যান্ডমাস্টার এরদোগমুস ইয়াগিজ কানের কাছে হেরে যান।

অপরদিকে বাংলাদেশ নারী দলের ফিদেমাস্টার নোশিন আঞ্জুম তুরস্কের নারী ফিদেমাস্টার তেরপেন জেরেনের সাথে ড্র করেন। কিন্তু নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ যথাক্রমে তুরস্ক নারী দলের আন্তর্জাতিকমাস্টার আতালিক একাতারিনা, নারী আন্তর্জাতিকমাস্টার চাগলার সিলা ও নারী ফিদেমাস্টার কালিওনজু বেরেনের কাছে পরাজিত হন।

১৮ সেপ্টেম্বর শুক্রবার তৃতীয় রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ দল পুয়ের্তো রিকোর সাথে ও নারী বিভাগে বাংলাদেশ নারী দল কোত দিভোয়ারের নারী দলের সাথে মোকাবেলা করবে।