অলিম্পিয়াডে জয় দিয়ে শুরু বাংলাদেশের

বাংলাদেশ পুরুষ ও নারী দল উজবেকস্তানের সমরকন্দে ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডে জয় দিয়ে শুরু করেছে।

১৬ সেপ্টেম্বর প্রথম রাউন্ডে ওপেন বিভাগে ৬৪ নম্বর সিডেড বাংলাদেশ দল ৩.৫-০.৫ গেম পয়েন্টে ১৬৭ নম্বর সিডেড ইকোয়েটরিয়াল গিনিকে পরাজিত করে। ওপেন বিভাগে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ যথাক্রমে ইকোয়েটরিয়াল গিনির গাটজেন্স ক্যাপচে আ্যাঞ্জেল এস্তানিসলাও, নারাঞ্জো গনজালেজ অস্কার ও নগুয়েমা ওইয়ে ইউজেনিও এনদেমেসোগোকে পরাজিত করেন। আন্তর্জাতকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ইকোয়েটরিয়াল গিনির মমপেল ফেরুজ জাভিয়েরের সাথে ড্র করেন।

অপরদিকে বাংলাদেশের নারী দল প্রথম রাউন্ডে ৪-০ গেম পয়েন্টে নাইজারকে পরাজিত করে। বাংলাদেশের নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে নাইজারের লেইলা আইশা মামাদু, জেইনাবু বুবাকার, জাকারি আবদু ইয়াসমিনা ও কুন্দু বাল্লামা মাগারাম মালারামকে পরাজিত করেন।

উল্লেখ্য ওপেন বিভাগে ২০০ দেশের ২০২ টি দল এবং নারী বিভাগে ১৮৪ দেশের ১৮৬ টি দল অংশগ্রহণ করছে।