উজবেকিস্তানের ঐতিহাসিক শহর সমরকন্দে তৃতীয় ফিদে দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিসেবিলিটিজে ৪১টি দলের মধ্যে ২৮তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। সাত রাউন্ডের সুইস লিগ পদ্ধতির প্রতিযোগিতায় বাংলাদেশ দল ৭ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে।
বাংলাদেশ দলের হয়ে খেলেছেন ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, মোহাম্মদ ওবায়দুল ইসলাম, নুরনাহার তনিমা ও মো. আক্তার হোসেন। দলের নন-প্লেয়িং ক্যাপ্টেন ছিলেন মো. আরিফুজ্জামান আরিফ। আর চিফ অব ডেলিগেশন হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ফরহাদুর রহমান সাবাব।
এদিকে প্রতিযোগিতায় ম্যাচ আরবিটারের দায়িত্ব পালন করতে বাংলাদেশ থেকে সমরকন্দে গিয়েছিলেন আন্তর্জাতিক আরবিটার মো. আনিচুজ্জামান জুয়েল।
৪১টি দলের অংশগ্রহণে আয়োজিত সাত রাউন্ডের এই আসরে ১৩ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে পোল্যান্ড। ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ কিউবা, আর স্বাগতিক উজবেকিস্তান ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে।
উল্লেখ্য গত ১০-১৭ সেপ্টেম্বর সমরকন্দে তৃতীয় ফিদে দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিসেবিলিটিজ অনুষ্ঠিত হয়।
