ত্রিনিদাদের সাথে ড্র, স্লোভাকিয়ার কাছে হার

ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডের চতুর্থ রাউন্ডে ওপেন বিভাগে ৬৪ নম্বর সিডেড বাংলাদেশ দল ২-২ গেম পয়েন্টে ১০১ নম্বর সিডেড ত্রিনিদাদ ও টোবাগোর সাথে ড্র করেছে।

অপরদিকে ৭২ নম্বর সিডেড বাংলাদেশ নারী দল চতুর্থ রাউন্ডে ৩৭ নম্বর সিডেড শক্তিশালী স্লোভাকিয়া নারী দলের কাছে ২.৫-১.৫ গেম পয়েন্টে পরাজিত হয়েছে।

এরফলে ওপেন বিভাগে বাংলাদেশ দল ৪ খেলায় ৫ পয়েন্ট ও নারী বিভাগে বাংলাদেশ নারী দল ৪ খেলায় ৪ পয়েন্ট সংগ্রহ করেছে।

উজবেকস্তানের সমরকন্দ শহরে ১৯ সেপ্টেম্বর শনিবার চতুর্থ রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে ত্রিনিদাদ ও টোবাগোর ফিদেমাস্ক্যাটার ব্রলিস কুইন, ফিদেমাস্টার হার্পার রায়ান, ফিদেমাস্টার জনসন জোসুয়া ও আন্তর্জাতিকমাস্টার বিষ্ণু সিংহের সাথে ড্র করেন।

অন্যদিকে বাংলাদেশের নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম স্লোভাকিয়ার আন্তর্জাতিকমাস্টার ইভা রেপকোভাকে পরাজিত করেন। নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ স্লোভাকিয়ার নারী আন্তর্জাতিকমাস্টার সুচিকোভা স্বেতলানার সাথে ড্র করেন। তবে নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে স্লোভাকিয়ার নারী ফিদেমাস্টার শেভচিকোভা লুসিয়া ও নারী ফিদেমাস্টার ওয়াল্টার এমার কাছে হেরে যান।

আজ ২০ সেপ্টেম্বর রোববার পঞ্চম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ ডেনমার্কের সাথে ও নারী বিভাগে বাংলাদেশ হন্ডুরাসের সাথে খেলবে।