শিরোপা জয়ে আসতে পারে নতুন মুুখ
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২৩ মার্চ ২০১৯
বিশ্ব দাবার বাছাইপর্বখ্যাত এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন এবং মহিলা বিভাগের শেষ রাউন্ডের খেলা আজ শনিবার দুপুর দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ ভবনের শ্রেডার মিলনায়তনে শুরু হবে।
এ চ্যাম্পিয়নশিপের উভয় বিভাগের শিরোপা জয়ে আসতে পারে নতুন চমক কিংবা নতুন কোন মুুখ।
ওপেন বিভাগে গত আসরের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব বেশ পিছিয়ে পড়েছেন। তিনবারের সাবেক চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানেরও সম্ভাবনা নেই।
এক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। এর পরেই রয়েছেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার এবং ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।রাজীব।
রিফাত ও ফাহাদ এই তিনজনের যে কোন একজনেরই চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা রয়েছে।
এদিকে মহিলা বিভাগে শিরোপা জয়ের ক্ষেত্রে এগিয়ে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন। তবে এর অন্যতম ভাগিদার হতে পারেন মহিলা ফিদেমাস্টার সৈয়দ শাবানা পারভীন নীপা।
এমন কী, গতবারের চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, চট্টগ্রামের মহিলা ফিদেমাস্টার তনিমা পারভীন ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুম ক্ষীণ সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
খেলা শেষে রাত সাড়ে সাতটায় প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন র্যাব ফোর্সেস এর মহাপরিচালক এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি বেনজীর আহমেদ।
বিশেষ অতিথি থাকবেন কেএন-হারবার কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাছান মাহমুদ চৌধুরী ও সাইফ পাওয়ারটেক লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি তরফদার মো. রুহুল আমীন।
চেসবিডি.কম/এমএ
