গ্র্যান্ডমাস্টার্সে আসিল ও আন্তর্জাতিকমাস্টার্সে শরীফ ও নুবাইরশাহ শীর্ষে

ইয়ার লং দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতা পঞ্চম রাউন্ড শেষে সাড়ে তিন পয়েন্ট নিয়ে কিরগিজস্তানের আন্তর্জাতিকমাস্টার আসিল আবদিজবার এককভাবে শীর্ষে উঠে এসেছেন।

বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাকাতকো, ভারতের আন্তর্জাতিকমাস্টার অরন্যক ঘোষ ও ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডার যুবারেভ তিন পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে রয়েছেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে পঞ্চম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার আসিল গ্র্যান্ডমাস্টার মালাকাতকোকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের সংকেত চক্রবর্তীকে পরাজিত করেন। অনত চৌধুরী ভারতের আন্তর্জাতিকমাস্টার কোস্তভ চ্যাটার্জীর সাথে, ভারতের আন্তর্জাতিকমাস্টার নীলাস সাহা অরন্যক ঘোষের সাথে এবং গ্র্যান্ডমাস্টার যুবারেভ আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার আজার মিরযুয়েভের সাথে ড্র করেন।

এদিকে ইয়ার লং দ্বিতীয় আন্তর্জাতিকমাস্টার্স দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন ও ভারতের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ ৪ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।

সাড়ে তিন পয়েন্ট সংগ্রহ করে ভারতের সৌরথ বিশ্বাস ও চেক প্রজাতন্ত্রের গ্র্যান্ডমাস্টার আলেস্কি কিসলিনিস্কি যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

পঞ্চম রাউন্ডে ক্যান্ডিডেটমাস্টার শরীফ আন্তর্জাতিকমাস্টার নুবাইরশাহকে পরাজিত করেন। শরীফ সাদা নিয়ে নুবাইরশাহের ক্যারোকান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে ক্লাসিক্যাল বিশ্লেষণে ৮২ চালে জয় লাভ করেন। এছাড়া সৌরথ স্বর্নাভো চৌধুরীকে ও পাকিস্তানের আন্তর্জাতিকমাস্টার মাহমুদ লোদী ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমানকে পরাজিত করেন।

তবে ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে এবং ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম গ্র্যান্ডমাস্টার কিসলিনিস্কির সাথে ড্র করেন।

আগামীকাল ১৫ অক্টোবর শুক্রবার বিকেল ৩টা থেকে গ্র্যান্ডমাস্টার্স ও আন্তর্জাতিকমাস্টার্স দাবার ষষ্ঠ রাউন্ডের শুরু হবে।