২৮তম আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যাল ফ্যামিলি টুর্নামেন্টে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ারের দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। গ্র্যান্ডমাস্টার জিয়ার ফ্যামিলি দল ৭ ম্যাচে পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে ২২ আগস্ট সোমবার ফ্যামিলি টুর্নামেন্টে গ্র্যান্ডমাস্টার জিয়া ফ্যামিলি প্রথম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ভারতের কাঞ্চনা দেবী ফ্যামিলিকে, দ্বিতীয় রাউন্ডে ১.৫-০.৫ গেম পয়েন্টে ফিলিপাইনের আবুসিজো আরমেল ফ্যামিলিকে, তৃতীয় রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ফিলিপাইনের রিয়েস ডেনিলোর ফ্যামিলিকে, চতুর্থ রাউন্ডে ১.৫-০.৫ গেম পয়েন্টে পেরুর গ্র্যান্ডমাস্টার কাস্তানেদা গিওরগিইর ফ্যামিলিকে, পঞ্চম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে উজবেকস্তানের মানসুরভ বোতির ফ্যামিলিকে, ষষ্ঠ রাউন্ডে ১.৫-০.৫ গেম পয়েন্টে মরোক্কোর আন্তর্জাতিকমাস্টার তিসির মোহাম্মদ ফ্যামিলিকে ও সপ্তম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ভারতের দিনেশ চিটলাঙ্গে ফ্যামিলিকে পরাজিত করেন।
উল্লেখ্য ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১২টি দেশের ২৯টি ফ্যামিলি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
