চলমান ২২তম দুবাই ওপেন চেস টুর্নামেন্টের সপ্তম রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪.৫ পয়েন্ট করে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ৩.৫ পয়েন্ট এবং ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার তৈয়বুর রহমান সুমন ৩ পয়েন্ট করে সংগ্রহ করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই চেস অ্যান্ড কালচারাল ক্লাবে ২ সেপ্টেম্বর শুক্রবার রাতে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (২৪২৭) ভারতের গ্র্যান্ডমাস্টার পি ইনিয়ানের (২৫৫৬) কাছে পরাজিত হয়েছেন।
এদিকে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৪০১) স্বদেশী ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে (২২১১) হারিয়েছেন।
কিন্তু জিয়াপুত্র ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (২৩২১) দুর্বল প্রতিপক্ষ ভারতের এস রোহিতের (১৯৩৭) কাছে হেরে যান।
তবে ফিদেমাস্টার তৈয়বুর রহমান সুমন (২২০২) অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ উজবেকস্তানের সাবিরোভা শাকনোজার (১৯৫৭) সঙ্গে ড্র করেন।
অষ্টম রাউন্ডের খেলা ৩ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে।
