৮ জনের সঙ্গে ফাহাদ দ্বিতীয়স্থানে

প্রেসিডেন্ট অব উজবেকিস্তান কাপ আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫ ম্যাচে ৩.৫ পয়েন্ট নিয়ে ৮ জনের সঙ্গে দ্বিতীয়স্থানে রয়েছেন। অপরদিকে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ২ পয়েন্ট সংগ্রহ করেছেন।

উজবেকিস্তানের তাশখন্দে ৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে ফাহাদ (২৪০৫) টুর্নামেন্টের নবম সিডেড আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার দুরারবাইলি ভ্যাসিফকে (২৬২৮) পরাজিত করে চমক দেখান। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে ভ্যাসিফের কুইন’স ইন্ডিয়ান ডিফেন্সের বিপক্ষে ৪২ চালে জয় লাভ করেন। অন্যদিকে পরাগ উজবেকিস্তানের নারী ফিদেমাস্টার ববোমুরোদোভা মাফতোনাকে পরাজিত করেন।

বিকেলে পঞ্চম রাউন্ডে ফাহাদ নেদারল্যান্ডের গ্র্যান্ডমাস্টার সের্গেই তিভিয়াকভের সাথে ড্র করার কৃতিত্ব দেখান। পরাগ উজবেকিস্তানের নারী আন্তর্জাতিকমাস্টার ইগামরিদিভা বাখোরাকে পরাজিত করেন।

উল্লেখ্য ১৫টি দেশের ১৯ জন গ্র্যান্ডমাস্টার, ২ জন নারী গ্র্যান্ডমাস্টার, ১৬ জন আন্তর্জাতিকমাস্টার ও ২ জন নারী আন্তর্জাতিকমাস্টারসহ মোট ৬২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। টুর্নামেন্টের বিজয়ীদের জন্য রয়েছে মোট সাতাশি হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার।