শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা প্রতিযোগিতা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে ৬ জাতির এ আসর উদ্বোধন করেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান জোন ৩.২ সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা।
ছয় জাতির আমন্ত্রণমূলক দলগত দাবার প্রথম রাউন্ডে স্বাগতিক বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে শ্রীলঙ্কাকে, নেপাল ৪-০ গেম পয়েন্টে ভুটানকে এবং পাকিস্তান ২.৫-১.৫ গেম পয়েন্টে মালদ্বীপকে পরাজিত করে।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দলগুলো অংশগ্রহণ করছে। প্রথম পর্ব শেষে শীর্ষ তিন দল নিয়ে সুপার লিগ অনুষ্ঠিত হবে। এ আসরে মোট দশ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল চার হাজার মার্কিন ডলার, রানার্সআপ দল তিন হাজার মার্কিন ডলার, তৃতীয় দল দুই হাজার মার্কিন ডলার ও চতুর্থ দল এক হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার পাবে।
শুক্রবার দ্বিতীয় রাউন্ডে বিকেল ৩টায় দ্বিতীয় রাউন্ডে পাকিস্তান বনাম বাংলাদেশ, ভুটান বনাম শ্রীলঙ্কা ও মালদ্বীপ বনাম নেপাল মোকাবেলা করবে।
