শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড খেলা স্বাগতিক বাংলাদেশ পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে।
তবে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান ২ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ শুক্রবার দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে পাকিস্তানকে পরাজিত করেন। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন যথাক্রমে পাকিস্তানের ফিদেমাস্টার আমির করিম, জুনায়েদ সোহেল ও মুহাম্মদ শাজেবকে পরাজিত করেন। কিন্তু আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পাকিস্তানের ফিদেমাস্টার মুহাম্মদ ওয়াকারের কাছে হেরে যান।
এদিকে শ্রীলঙ্কা ৪-০ গেম পয়েন্টে ভুটানকে পরাজিত করে। লঙ্কার আন্তর্জাতিকমাস্টার ডি সিলভা, ফিদেমাস্টার লিয়ানানজে রানেনদু দিলশান, কালুয়ারাচ্চি অচিন্তা শামেন ও তেন্নাকোন লিসারা সামাদিত যথাক্রমে কারমা সোনাম, সোনাম চোয়েন, সানগাই নিদুপ ও উগেন ওয়াংচুককে পরাজিত করেন।
অপরদিকে মালদ্বীপ ২.৫-১.৫ গেম পয়েন্টে হারিয়েছে নেপালকে। মালদ্বীপের ফিদেমাস্টার মোহাম্মদ সুয়াও এবং ক্যান্ডিডেটমাস্টার আব্দুল রহমান আলি যথাক্রমে নেপালের ফিদেমাস্টার রাজভান্ডারি রাজেন্দ্র ও ভাজরাচারিয়া রাজেন্দ্রাকে পরাজিত করেন। তবে নেপালের সিঙ্গেশ্বর দাস মালদ্বীপের আহমেদ আমান ইব্রাহিমকে হারান এবং মালদ্বীপের ক্যান্ডিডেটমাস্টার মোহাম্মদ হাসান নেপালের ফিদেমাস্টার বিলাম লাল শ্রেষ্ঠার সাথে ড্র করেন।
আগামীকাল শনিবার বিকেল ৩টা হতে তৃতীয় রাউন্ডে নেপাল বনাম পাকিস্তান, শ্রীলঙ্কা বনাম মালদ্বীপ ও বাংলাদেশ বনাম ভুটান-এর মধ্যকার খেলাগুলো অনুষ্ঠিত হবে।
