আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দাবা : স্ট্যান্ডার্ডে স্বর্ণাভো, ব্লিটজে হানিফ চ্যাম্পিয়ন

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দাবা প্রতিযোগিতা অনূর্ধ্ব-১৮ স্ট্যান্ডার্ড ইভেন্টে ৫ ম্যাচে ৪.৫ পয়েন্ট পেয়ে স্বর্ণাভো চৌধুরী অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তবে সমান ৪ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে ঐতিহ্য বড়ুয়া রানারআপ, আবিদ হাসান তৃতীয়, কাজী ফারাব সামিন চতুর্থ, সিয়াম চৌধুরী পঞ্চম এবং রায়য়ান রশিদ মুগ্ধ ষষ্ঠ হয়েছেন।

এদিকে অনূর্ধ্ব-১৪ ক্যাটাগরিতে ৩ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে জিয়াদ রহমান মাহির চ্যাম্পিয়ন ও রুঝান আমিন রানারআপ হয়েছেন। তৃতীয় থেকে পঞ্চম হয়েছেন যথাক্রমে আবরার ইয়াসিন জাইয়ান, সায়ান আরীব রিফাত এবং সাদমান হোসেন।

অপরদিকে অনূর্ধ্ব-১০ ক্যাটাগরিতে মুহতাদি তাজওয়ার নাশিদ চ্যাম্পিয়ন, আবরার রেজাউল আহনাফ রানারআপ, সাফায়াত কিবরিয়া আযান তৃতীয়, তাশফিকুর রহমান চতুর্থ এবং রিশাদ আমিন পঞ্চম হয়েছেন।

তবে বেস্ট গার্ল হিসেবে পুরস্কার পেয়েছেন ওয়ারিসা হায়দার, আয়েশা ইসলাম তুয়া (অনূর্ধ্ব-১৪) এবং রিফা সায়েরা মুবিনা। ইউসিসি-বিইসিএল চেস একাডেমির সেরা দাবাড়ু হিসেবে পুরস্কার পান মো. ফয়সাল হোসেন, ফারসাত হোসেন আয়ান এবং আফসানা আহলিয়াত কৃষ্টি।

এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওপেন ব্লিট্জ দাবা প্রতিযোগিতায় ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। সমান ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে স্বর্ণাভো চৌধুরী রানারআপ, মো. মঞ্জুর আলম তৃতীয় এবং জাহিদ চৌধুরী সলিল চতুর্থ হয়েছেন। ৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে পঞ্চম থেকে নবম হয়েছেন যথাক্রমে ক্যান্ডিডেটমাস্টার আহমেদ শফিক, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীয়তুল্লাহ, ঐতিহ্য বড়ুয়া, এসএম তারেক এবং ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী।

খেলা শেষে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেডের ডিরেক্টর এডমিন ইঞ্জিনিয়ার মো. মাইনুল ইসলাম এবং ট্র্যাভেল ব্লগার সালাহ উদ্দিন স্বপন।