কাল থেকে লঙ্কায় এশিয়ান জোনাল দাবা শুরু

শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোয় আগামীকাল ১১ মার্চ মঙ্গলবার খেকে বিশ্বকাপ দাবা ও বিশ্বকাপ নারী দাবার কোয়ালিফায়িং এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। ১১-১৮ মার্চ অনুষ্ঠিতব্য এ আসরে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কা অংশ নিচ্ছে। ওপেন বিভাগে ৩৭ জন ও নারী বিভাগে ২০ জন অংশ নিচ্ছেন।

এশিয়ান জোনালে দেশের ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। তারা হলেন ওপেন বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, জাতীয় রানারআপ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, তানভীর আলম ও কাজী আফসান রওনক আনান।

তবে নারী বিভাগে অংশ নিচ্ছেন নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ও আসিয়া সুলতানা।

উল্লেখ্য উভয় বিভাগের খেলা ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ওপেন বিভাগের চ্যাম্পিয়ন বিশ্বকাপ দাবায় এবং নারী বিভাগের চ্যাম্পিয়ন নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন। এছাড়া জোনাল দাবা থেকে সরাসরি আন্তর্জাতিকমাস্টার, নারী আন্তর্জাতিকমাস্টার, ফিদে মাস্টার, নারী ফিদেমাস্টার, ক্যান্ডিডেটমাস্টার ও নারী ক্যান্ডিডেটমাস্টার খেতাব এবং আন্তর্জাতিকমাস্টার ও নারী আন্তর্জাতিকমাস্টারের নর্ম অর্জন সম্ভব।