শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোয় আজ ১১ মার্চ মঙ্গলবার থেকে বিশ্বকাপ দাবা ও নারী বিশ্বকাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। প্রথম রাউন্ডে ওপেন বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, জাতীয় রানারআপ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন এবং নারী বিভাগে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ জয় শুরু করেছেন।
প্রথম রাউন্ডে নীড় স্বাগতিক শ্রীলঙ্কার করুনাসেনা চিনিথা সিহাস দিনসারাকে, ফাহাদ শ্রীলঙ্কার ইন্দুবভারা থিসারিন্দুকে, তাহসিন শ্রীলঙ্কার জানুকসানকে ও ইমন শ্রীলঙ্কার ডানডিনিয়াকে পরাজিত করেন। নারী বিভাগে নোশিন নেপালের সিন্দিরা জোসিকে ও রানী হামিদ মালদ্বীপের নিহায়া আহমদকে পরাজিত করেন। তবে ওপেন বিভাগে অমিত বিক্রম রায় শ্রীলঙ্কার গালকোতুয়ার সাথে এবং নারী বিভাগে ওয়াদিফা শ্রীলঙ্কার পল্লীইয়াগে সেথুমলি দেবহারার সাথে ড্র করেন।
এছাড়া ওপেন বিভাগে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ শ্রীলঙ্কার গানিপোলা থুসানু ইয়াসমিথের কাছে, কাজী আফসান রওনক আনান শ্রীলঙ্কার ক্যান্ডিডেটমাস্টার বিয়ারত্মে ভিনুকা দিহাইনের কাছে ও তানভীর আলম শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়ানাগে রানিনদু দিলশানের কাছে হেরে যান। নারী বিভাগে আসিয়া সুলতানা শ্রীলঙ্কার পাল্লিই এহসাহ মিশেলার কাছে পরাজিত হয়েছেন।
উল্লেখ্য ওপেন বিভাগে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ৪ জন আন্তর্জাতিকমাস্টার ও ৬ জন ফিদেমাস্টারসহ ৩৯ জন এবং নারী বিভাগে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ২ জন নারী আন্তর্জাতিকমাস্টার ও ২ জন নারী ফিদেমাস্টারসহ ২৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
ওপেন বিভাগের চ্যাম্পিয়ন বিশ্বকাপ দাবায় এবং নারী বিভাগের চ্যাম্পিয়ন নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন। এছাড়া জোনাল দাবা থেকে সরাসরি আন্তর্জাতিকমাস্টার, নারী আন্তর্জাতিকমাস্টার, ফিদেমাস্টার, নারী ফিদেমাস্টার, ক্যান্ডিডেটমাস্টার ও নারী ক্যান্ডিডেটমাস্টার খেতাব এবং আন্তর্জাতিকমাস্টার ও নারী আন্তর্জাতিকমাস্টারের নর্ম অর্জন করা সম্ভব।
