নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতার নারী বিভাগে শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে গেছেন। শেষ রাউন্ডে স্বদেশী নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে হারাতে পারলেই শিরোপা ঘরে তুলতে পারবেন। সেই সঙ্গে ফিদে থেকে সরাসরি নারী আন্তর্জাতিকমাস্টার খেতাব লাভ করবেন। বর্তমানে ওয়াদিফা অষ্টম রাউন্ড শেষে ৬.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।
তবে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন স্বাগতিক শ্রীলঙ্কার নারী আন্তর্জাতিকমাস্টার গুনাবর্ধনা দিভিদিয়া ওশিনি।
এদিকে ৫ সংগ্রহ করে নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ শ্রীলঙ্কার তিন জনের সঙ্গে চতুর্থ স্থানে রয়েছেন।অপরদিকে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ৪ পয়েন্ট ও আছিয়া সুলতানা ৩ পয়েন্ট অর্জন করেছেন।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ ১৭ মার্চ সোমবার অষ্টম রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ স্বাগতিক শ্রীলঙ্কার রাথনায়েকে দুলিনমা হেমালনিকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম শ্রীলঙ্কার রানাসিঙ্গে লিহিনি হিমানসাকে পরাজিত করেন। কিন্তু নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ শ্রীলঙ্কার নারী ক্যান্ডিডেটমাস্টার সানুদুলা দাহামদির কাছে হেরে যান।
উল্লেখ্য আগামীকাল ১৮ মার্চ মঙ্গলবার নবম তথা শেষ রাউন্ডের গুরুত্বপূর্ণ খেলায় নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ স্বদেশী নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে হারাতে পারলেই শিরোপা ঘরে তুলতে পারবেন। সেই সঙ্গে ফিদে থেকে সরাসরি নারী আন্তর্জাতিকমাস্টার খেতাব লাভ করবেন।
