সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫ গ্র্যান্ডমাস্টার্স ’এ’ টুর্নামেন্টে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সপ্তম হয়েছেন। ৯ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে তাহসিন ষষ্ঠ স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে সপ্তম স্থান লাভ করেন।
হাঙ্গেরির বুদাপেস্টে ২৯ মার্চ সকালে নবম তথা শেষ রাউন্ডে তাহসিন (২৩২৭) স্বাগতিক হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার অ্যাকজেল গ্রেগরির (২৪৮৭) সঙ্গে কৃতিত্বপূর্ণ ড্র করেন।
এ আসরে তাহসিন প্রথম রাউন্ডে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে জয় পাওয়ার পর আবার চতুর্থ ও পঞ্চম পরপর দুই রাউন্ড হারের মুখ দেখেন। তবে ষষ্ঠ রাউন্ডে এসে তিনি জয়ে ফিরেন। কিন্তু সপ্তম রাউন্ডে ফের হারের মুখ দেখেন। অষ্টম ও নবম রাউন্ডে অবশ্য স্বাগতিক হাঙ্গেরির পরপর দুই গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করেন।
তাহসিন (২৩২৭) প্রথম রাউন্ডে ভারতের ফিদেমাস্টার বোরগাওকার অক্ষয়ের (২৪১৮) কাছে হেরে গেলেও দ্বিতীয় রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিকমাস্টার অস্ট্রোভস্কি আলেকজান্ডার (২৩৯৪) ও তৃতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের ফিদেমাস্টার রোহরার ক্রিস্টোফকে (২২৬৬) পরাজিত করেন।
এরপর চতুর্থ রাউন্ডে সার্বিয়ার গ্র্যান্ডমাস্টার পেপ মিসার (২৪৫৭) এবং পঞ্চম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার উসকভ আর্টেমের (২৪৬১) কাছে পরাজিত হয়েছেন। কিন্তু ষষ্ঠ রাউন্ডে ভারতের ফিদেমাস্টার শান্তি জ্যাককে (২৩৩৬) পরাজিত করেন। এর আগে একই দিন সকালে সপ্তম রাউন্ডে তাহসিন (২৩২৭) কাজাকস্তানের ফিদেমাস্টার মোলডাগালি বেকসুলতানের (২৩৯৮) কাছে হেরে যান।
তবে অষ্টম ও নবম রাউন্ডে যথাক্রমে স্বাগতিক হাঙ্গেরির দুই গ্র্যান্ডমাস্টার বারসেজ ডেভিড (২৪০৮) ও অ্যাকজেল গ্রেগরির (২৪৮৭) সঙ্গে কৃতিত্বপূর্ণ ড্র করেন।
এ আসরে ৭ পয়েন্ট নিয়ে রাশিয়ার আন্তর্জাতিকমাস্টার উসকভ আর্টেম চ্যাম্পিয়ন হয়েছেন এবং একই পয়েন্ট নিয়ে ভারতের ফিদেমাস্টার বোরগাওকার অক্ষয় রানারআপ হয়েছেন।
উল্লেখ্য রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮টি দেশের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৫ জন আন্তর্জাতিক মাস্টার ও ২ জন ফিদেমাস্টারসহ মোট ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
