কাজাখস্তানে যাবে দাবা দল!

আগামী ১৯ অক্টোবর থেকে ‘চেস অলিম্পিয়াড ফর পিপলস উইথ ডিস্যাবিলিটিজ’ এর দ্বিতীয় আসর কাজাখস্তানের আস্তানা শহরে শুরু হতে যাচ্ছে।

এশিয়ার ৭টি দেশসহ ইউরোপ, আফ্রিকা ও আমেরিকা মহাদেশ এবং তিনটি ডিস্যাবলড সংগঠনসহ মোট ৩৪টি দলের অংশগ্রহণ ২৬ অক্টোবর টুর্নামেন্টটি শেষ হবে।

আসন্ন ‘চেস অলিম্পিয়াড ফর পিপলস উইথ ডিস্যাবিলিটিজ’ -এ বাংলাদেশ অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে পুরুষ ও নারী দল গঠনকল্পে তোড়জোর শুরু হয়েছে।

বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী দাবা দল গঠনের লক্ষে ৯ আগস্ট সকাল ১০টায় নারী খেলোয়াড় বাছাই দাবা প্রতিযোগিতা এবং আগামী ১৫ ও ১৬ আগস্ট পুরুষ খেলোয়াড় বাছাইকল্পে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণে আগ্রহী প্রতিবন্ধী নারী খেলোয়াড়দের প্রতিবন্ধী সনদসহ ৯ আগস্ট সকাল ৯-৩০ টার মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে। পুরুষ খেলোয়াড়দের ১৪ আগস্টের মধ্যে প্রতিবন্ধী সনদ-পত্রসহ নাম জমা দিতে বলা হয়েছে।