নারায়ণগঞ্জ ভূঁইগড়ে রূপায়ন টাওয়ারে ‘পন পাওয়ার রাউন্ড রবিন চেস টুর্নামেন্ট’ আজ ১৫ আগস্ট শুক্রবার থেকে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেনকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ফিরোজ আহমেদকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ রায়ান রশিদ মুগ্ধকে ও ফিদেমাস্টার নাইম হক নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে পরাজিত করেন।
তবে ভারতের শুভংকর মাইতি নিজ দেশের শুভ্রজিৎ দে-এর সাথে ড্র করেছেন।
উল্লেখ্য রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এ আসরে একজন আন্তর্জাতিকমাস্টার, একজন নারী আন্তর্জাতিকমাস্টার, ৩ জন ফিদেমাস্টার, ১ জন ক্যান্ডিডেটমাস্টার ও ভারতের দুইজন খেলোয়াড়সহ মোট ১০ জন অংশগ্রহণ করছেন।
আগামীকাল ১৬ আগস্ট শনিবার সকাল ১০টায় একই ভেন্যুতে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
