৫ সেপ্টেম্বর বোর্ডে গড়াচ্ছে জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ

জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের ৪৯তম আসর আগামী ৫ সেপ্টেম্বর শুক্রবার থেকে বোর্ডে গড়াতে যাচ্ছে।

সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় ৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম হতে চর্তুদশস্থান প্রাপ্ত খেলোয়াড়, ২১০০ এবং উপরের স্ট্যান্ডার্ড রেটিংপ্রাপ্ত খেলোয়াড়, ঢাকা জোনের ১৫ জন, চট্টগ্রাম জোনের ৫ জন, খুলনা ও বরিশাল জোনের ৪ জন, রাজশাহী ও রংপুর জোনের ৪ জন, সিলেট ও ময়মনসিংহ জোনের ৩ জন, জাতীয় নারী চ্যাম্পিয়ন, নারী আন্তর্জাতিকমাস্টার, জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) ও বালিকা অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন অংশগ্রহণ করবেন।

অংশগ্রহণকারী খেলোয়াড়দের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনে নাম অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছে।

আসর শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ জন ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবেন।

উল্লেখ্য সরাসরি অংশগ্রহণের জন্য দেশের চার গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, রিফাত বিন সাত্তার, মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীবসহ গতবারের চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও গতবারের রানারআপ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে জাতীয় দাবার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।