গিরির শিরোপা জয়, বৈশালীর ইতিহাস তৈরি

শেষ রাউন্ডে নাটকীয় জয়ের মধ্য দিয়ে হল্যান্ডের গ্র্যান্ডমাস্টার অনিশ গিরি ফিদে গ্র্যান্ড সুইস টুর্নামেন্টের শিরোপা জিতেছেন। ১১ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। শেষ রাউন্ডে অনিশ গিরি গ্র্যান্ডমাস্টার হ্যান্স নিম্যানকে হারিয়ে ওপেন টুর্নামেন্ট জয় করেন।

তবে মাত্র অর্ধেক পয়েন্ট পিছিয়ে ৭.৫ পয়েন্ট সংগ্রহ করে গ্র্যান্ডমাস্টার ম্যাথিয়াস ব্লুবাউম রানারআপ, গ্র্যান্ডমাস্টার আলিরেজা ফিরোজা তৃতীয় এবং গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কিমার চতুর্থ স্থান লাভ করেন।

এদিকে নারী ইভেন্টে ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছেন। ১১ ম্যাচ শেষে ৮ পয়েন্ট সংগ্রহ করে বৈশালী গ্র্যান্ডমাস্টার ক্যাটেরিনা ল্যাগনোর সঙ্গে শীর্ষে থাকলেও টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে শিরোপা জিতেছেন। এটি ছিল তার টানা দ্বিতীয় গ্র্যান্ড সুইস জয়।

তবে সমান পয়েন্ট নিয়েও ক্যাটেরিনাকে রানারআপ হয়ে তুষ্ট থাকতে হয়েছে।

এছাড়া ৭.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে গ্র্যান্ডমাস্টার বিবিসারা আসাউবায়েভা তৃতীয়, গ্র্যান্ডমাস্টার টান ঝংগি চতুর্থ এবং আন্তর্জাতিকমাস্টার সং, ইউক্সিন পঞ্চম স্থান লাভ করেন।