দিল্লি গ্র্যান্ডমাস্টার্সে জিয়া ৩৬, ফাহাদ ৬৩তম
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
নয়াদিল্লি (ভারত) : ১৬ জানুয়ারি ২০১৯
১৭তম দিল্লি আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে ১০ ম্যাচে সাড়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৩৬তম ও ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৬৩তম হয়েছেন।
সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ১৮৫তম ও তাহসিন তাজওয়ার জিয়া ১৯৫তম, ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর ২১৫তম হন। চার পয়েন্ট পেয়ে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান ২২০তম ও আলী আহসান জুয়েল ২ পয়েন্ট নিয়ে ৩১১তম হয়েছেন।
আজ বুধবার দশম বা শেষ রাউন্ডে ফাহাদ ভারতের ফিদেমাস্টার হার্সাল শাহীকে পরাজিত করেন। জিয়া রাশিয়ার গ্র্যান্ডমাস্টার প্রিডকে আলেকজান্ডরের কাছে, পরাগ রাশিয়ার পাভলোভ মার্কের কাছে, তাহসিন অক্ষয় আনন্দের কাছে, আবজিদ ভারতের আদর্শ ত্রিপাঠির কাছে ও জুয়েল ভারতের দুগার চেতনের কাছে হেরে যান। সাজ্জাদ ভারতের গাইকোয়াড সিদ্ধান্তের সাথে ড্র করেন।
উল্লেখ্য আট পয়েন্ট সংগ্রহ করে ৭ জন খেলোয়াড়, টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার পেনসুলাইয়া লিভান চ্যাম্পিয়ন, ইরানের গ্র্যান্ডমাস্টার মোসাদেঘপুর মাসোউদ রানারআপ হন। ২১ দেশের ৩০জন গ্র্যান্ডমাস্টার, ৩ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ৩২ জন আন্তর্জাতিক মাস্টার ও ৯ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ৩২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ
