উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এর আজ (১৩ মে) জন্মদিন। ১৯৬৬ সালের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন।
নিয়াজ ছোটবেলা পড়াশোনার পাশাপাশি দাবার প্রতি ভীষণ আগ্রহী ছিলেন। সেই আগ্রহ থেকেই তিনি চৌষট্টি খোপের দাবার জমিনের সঙ্গে সখ্য গড়ে তোলেন।
নিয়াজ ৯ বছর বয়সে জাতীয় দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১২ বছর বয়সেই তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় দাবাড়ুদের একজনে পরিণত হন।এর পর পরই আন্তজাতিক আসরের সঙ্গে সখ্য গড়ে তোলেন।
বাংলাদেশের গর্ব ও অহঙ্কার নিয়াজ ১৯৮২ সালে আন্তর্জাতিক মাস্টার খেতাব লাভ করেন। এর পর মাত্র ২১ বছর বয়সে তিনি ১৯৮৭ সালে গ্র্যান্ডমাস্টার উপাধি অর্জন করেন।
শুধু তাই নয়, তৎকালীন এশিয়ার ১৭টি দেশের মধ্যে তিনি প্রথম এবং এশিয়ার পঞ্চম গ্র্যান্ডমাস্টার হিসেবে এ খ্যাতি লাভ করেন।
বিশ্ব দাবায় আজকের এ অবস্থানে নিয়ে আসতে তার স্নেহময়ী মা নাজমা আহমেদের অবদান অনস্বীকার্য।তার আগ্রহেই নিয়াজ দাবার সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরবর্তীতে জাতীয় দাবার আসর পেরিয়ে তিনি বাংলাদেশকে বিশ্ব পরিসরে মেলে ধরেন।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিকবার সাফল্য পাওয়া নিয়াজ মোরশেদ ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ১৯৮৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন।
এ মুহূর্তে নিয়াজ নিজ খেলায় ততটা সিরিয়াস না হলেও নতুন নতুন দাবাড়ু সৃষ্টির লক্ষে কাজ করছেন। প্রশিক্ষণ দিচ্ছেন।
দাবা অন্ত:প্রাণ নিয়াজ মোরশেদ-এর জন্মদিনে চেসবিডি.কম পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
