শ্রীলঙ্কার কালথারায় কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ওপেন অনূর্ধ্ব-২০ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে ওপেন বিভাগে রানারআপ এবং অনুর্ধ্ব-২০ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পান।
তবে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের র্যাপিড ইভেন্টে অনূর্ধ্ব-২০ গ্রুপে সাকলাইন রৌপ্যপদক এবং ব্লিটজ ইভেন্টে ব্রোঞ্জপদক লাভ করেন। নারী র্যাপিড ইভেন্টে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ রৌপ্যপদক জয় করেন।
এদিকে ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ৬ পয়েন্ট নিয়ে ১৬তম এবং রায়ান রশিদ মুগ্ধ ৫ পয়েন্ট নিয়ে ৩৯ তম হন। বয়সভিত্তিক গ্রুপে ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে রায়ান রশিদ মুগ্ধ ৫.৫ পয়েন্ট পেয়ে দশম হয়েছেন। বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে জান্নাতুল প্রীতি ৪.৫ পয়েন্ট পেয়ে ১৮তম হয়েছেন। ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে মো. জায়ান খান ৩.৫ পয়েন্ট নিয়ে দশম হন এবং ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে সায়ান মেরাব হাসান ৩.৫ পয়েন্ট নিয়ে ২৩তম হন। নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ালিজা আহমেদ ৭ ম্যাচে ৩ পয়েন্ট পান। অসুস্থতার জন্য তিনি শেষ দুই রাউন্ড খেলেননি।
উল্লেখ্য ভারতের গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহ ৭.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। ওপেন বিভাগে ৭ জন গ্র্যান্ডমাস্টার, ১ জন নারী গ্র্যান্ডমাস্টার ও ৩ জন আন্তর্জাতিকমাস্টারসহ ১৩ টি দেশের ৯৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
