নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ৭ মার্চ ২০২১
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশন নারী দাবাড়ুদের জন্য আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা করার উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৮ মার্চ সোমবার বেলা ২টা থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য রয়েছে ১ লাখ টাকার অর্থ পুরস্কার।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোন এন্ট্রি ফি লাগবে না। অংশগ্রহণে আগ্রহী নারী খেলোয়াড়দের ৮ মার্চ দুপুর ১টার মধ্যে খেলার কক্ষে নাম জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য প্রতি খেলোয়াড় ১০ মিনিট করে সময় পাবেন এবং প্রতি চালের সাথে অতিরিক্ত ৫ সেকেন্ড করে সময় পাবেন।
চেসবিডি.কম/এমএ
