বাংলাদেশ নারী বিভাগে ৫৬তম এবং ওপেন বিভাগে ৬৬তম

৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের নারী বিভাগে বাংলাদেশ ১৬০টি দেশের ১৬২টি দলের মধ্যে ৫৬তম হয়েছে। অপরদিকে ওপেন বিভাগে বাংলাদেশ ১৮৬টি দেশের ১৮৮টি দলের মধ্যে ৬৬তম হয়েছে। নারী এবং ওপেন উভয়ে বিভাগে বাংলাদেশ ১১ ম্যাচে ১২ পয়েন্ট অর্জন করে।

ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে ৯ আগস্ট অলিম্পিয়াডের একাদশ বা শেষ রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ (৬৫তম সিডেড) ১.৫-২.৫ গেম পয়েন্টে ইন্দোনেশিয়ার (৪৬তম সিডেড) কাছে পরাজিত হয়। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৪) ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রের (রেটিং-২৪৯৪) বিরুদ্ধে জয় পেলেও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭)) ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারানতো সুশান্তর (রেটিং-২৫২৯) সাথে ড্র করেন। তবে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (রেটিং-২৩০৭) ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (রেটিং-২২২৭) যথাক্রমে ইন্দোনেশিয়ার আন্তর্জাতিকমাস্টার এরভান মোহাম্মদ (রেটিং-২৪০২) ও ফিদেমাস্টার কুরনিয়াওয়ান মোহম্মদ আগুসের (রেটিং-২৩২৮) কাছে হেরে যান।

এদিকে নারী বিভাগে বাংলাদেশ (৬৪তম সিডেড দল) ৩.৫-১.৫ গেম পয়েন্টে দক্ষিণ আফ্রিকাকে (৮০তম সিডেড দল) পরাজিত করে। নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-২০২৭), নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস (রেটিং-১৮১৫) ও নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা (রেটিং-১৮২৯) যথাক্রমে দক্ষিণ আফ্রিকার বাদেনহোস্ট চলই (রেটিং-১৭০৩), নারী ক্যান্ডিডেটমাস্টার সেলক্রিক রেবেকা (রেটিং-১৭৪৫) ও নারী আন্তর্জাতিকমাস্টার বোয়াহ ডেনিসের (রেটিং-১৭৩৬) বিরুদ্ধে জয়ী হন। তবে নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৯৫) দক্ষিণ আফ্রিকার নারী আন্তর্জাতিকমাস্টার ভ্যান জিল চালির্জের (রেটিং-১৭০৪) সাথে ড্র করেন। নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস অলিম্পিয়াড হতে নারী ফিদেমাস্টার খেতাব পেতে পাচ্ছেন।