সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যাল’ আগামী ১৭ আগস্ট থেকে বোর্ডে গড়াতে যাচ্ছে। চেস-রেজাল্টস.কম সূত্রে জানা গেছে এ আসরে বাংলাদেশের ৪ জন দাবাড়ু অংশ নিতে যাচ্ছেন।
২৮তম আবুধাবি ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যালের মাস্টার্স গ্রুপে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, দুই ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মেহেদি হাসান পরাগ অংশ নেবেন।
স্ট্যান্ডার্ড টুর্নামেন্টের পাশাপাশি এই ফেস্টিভ্যালের ব্লিটজ টুর্নামেন্টেও অংশ নেবেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
প্রায় ৪৪ হাজার (৪৩,৭৫০) মার্কিন ডলারের এই প্রাইজমানির টুর্নামেন্ট ১৭-২৫ আগস্ট আবুধাবির রেডিসন ব্লু হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হবে।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৩২টি দেশের ১৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে ৪৬ জন গ্র্যান্ডমাস্টার, ৭ জন নারী গ্র্যান্ডমাস্টার, ৪২ জন আন্তর্জাতিকমাস্টার, ৪ জন নারী আন্তর্জাতিকমাস্টার, ৩৮ জন ফিদেমাস্টার. ২ জন নারী ফিদেমাস্টার ও ৫ জন ক্যান্ডিডেটমাস্টারসহ ১৪৪ জন খেতাবপ্রাপ্ত দাবাড়ু রয়েছেন।
বিশেষ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের জন্য আবুধাবি ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রত্যাশিত নৈপুন্যে দেখাতে পারলে তার গ্র্যান্ডমাস্টার নর্ম পাবার সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনিভাবে দুই ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মেহেদি হাসান পরাগের আন্তর্জাতিকমাস্টার নর্মের সম্ভাবনা রয়েছে। তবে তারা এ আসরে প্রতিপক্ষের সঙ্গে কতটা প্রত্যাশিত ফল ও পয়েন্ট অর্জন করতে পারেন সেটির উপরই তাদের নর্ম পাওয়া না পাওয়া নির্ভর করছে।
