উজবেকিস্তানে পরাগ ৪৪তম ও ফাহাদ ৪৫তম

উজবেকিস্তানের তাশখন্দে প্রেসিডেন্ট অব উজবেকস্তান কাপে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ১০ ম্যাচে সাড়ে চার পয়েন্ট পেয়ে ৪৪তম এবং আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১০ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে ৪৫তম স্থান হয়েছেন।

১৩ সেপ্টেম্বর দশম বা শেষ রাউন্ডে পরাগ মার্কিন যুক্তরাস্ট্রের গ্র্যান্ডমাস্টার জিয়াদিনভ রাসেতকে পরাজিত করেন এবং ফাহাদ উজবেকিস্তানের আন্তর্জাতিকমাস্টার আলিকুলভ এলবেকের কাছে হেরে যান।

এর আগে নবম রাউন্ডে পরাগ উজবেকিস্তানের ফিদেমাস্টার কারিমভ ইব্রাজিমকে পরাজিত করেন। ফাহাদ কাজাকিস্তানের আন্তর্জাতিকমাস্টার জুলমাখানভ রামানজানের কাছে হেরে যান।

উল্লেখ্য উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ইকুয়াবয়েভ নদিরবেগ ১০ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ১৫টি দেশের ১৯ জন গ্র্যান্ডমাস্টার, ২ জন নারী গ্র্যান্ডমাস্টার, ১৬ জন আন্তর্জাতিকমাস্টার ও ৩ জন নারী আন্তর্জাতিকমাস্টারসহ মোট ৬২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বিজয়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে মোট নগদ ৮৭ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হয়।