জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১২-২১ অক্টোবর রাজধানী ঢাকায় ‘শেখ রাসেল কাপ আন্তর্জাতিক আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপ’ বোর্ডে গড়াতে যাচ্ছে।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ আসরে সার্কের সবকয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে পড়শীদেশ ভারত অংশ নিচ্ছে না। ফলে স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্ট বোর্ডে গড়ানোর আগেই এক রকম চ্যাম্পিয়ন হওয়ার পথে।
এই চ্যাম্পিয়নশিপে যারা অংশ নিতে যাচ্ছে সেইসব দলে কোনো গ্র্যান্ডমাস্টার নেই। এমন কী দলগুলোও খুব একটা শক্তিশালী নয়। সে তুলনায় বাংলাদেশ খুবই শক্তিশালী দল। কাজেই ফেভারিটের তকমা নিয়ে ট্রফির আশা বাংলাদেশের।
শুরুতে দলগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের সঙ্গে মোকাবেলা করবে। এরপর শীর্ষ তিন দল নিয়ে সুপার লিগ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সূত্রে জানা গেছে ‘শেখ রাসেল কাপ আন্তর্জাতিক আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপ’ এর পৃষ্ঠপোষকতা করছে সাইফপাওয়ার টেক। এই চ্যাম্পিয়নশিপে বিজয়ীদের জন্য রয়েছে ১০ হাজার ডলার মার্কিন ডলার পুরস্কার।
অংশগ্রহণকারী দলগুলোকে বাংলাদেশ দাবা ফেডারেশন এয়ার টিকিট দিচ্ছে। সেই সঙ্গে তাদের থাকা-খাওয়াসহ স্থানীয় যানবাহনের সুবিধা থাকছে।
শেখ রাসেল কাপ আন্তর্জাতিক আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষে আগামীকাল ১১ অক্টোবর থেকে দলগুলো ঢাকায় আসতে শুরু করবে।
