শেখ রাসেল কাপ আন্তর্জাতিক দলগত দাবা কাল শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল ১৩ অক্টোবর থেকে রাজধানী ঢাকায় ‘শেখ রাসেল কাপ আন্তর্জাতিক আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপ’ শুরু হচ্ছে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এশিয়ান ৩.২ জোনের ৬টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছে- ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।

এ উপলক্ষে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম এ চ্যাম্পিয়নশিপের নানান তথ্য তুলে ধরেন। এ সময় ফেডারেশনের যুগ্মসম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, দুই কার্যনির্বাহী সদস্য জাকির আহমেদ ও মাহমুদা হক চৌধুরী মলি এবং প্রধান বিচারক মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, এ আসরে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দলগুলো অংশ নেবে। প্রথম পর্ব শেষে শীর্ষ তিন দল নিয়ে সুপার লিগ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতি দিন বিকেল ৩টা হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে খেলা অনুষ্ঠিত হবে।

সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ ইভেন্টে মোট দশ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল চার হাজার মার্কিন ডলার, রানার্সআপ দল তিন হাজার মার্কিন ডলার, তৃতীয়স্থানপ্রাপ্ত দল দুই হাজার মার্কিন ডলার ও চতুর্থস্থান প্রাপ্ত দল এক হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার পাবে।