নৌবাহিনী ও গোপালগঞ্জ জিতেই চলেছে

শেখ কামাল প্রথম বিভাগ দাবা লিগে বাংলাদেশ নৌবাহিনী ও গোপালগঞ্জ খেলাঘর দাবা সংঘ জিতেই চলছে। টানা পাঁচ জয় নিয়ে দল দুটি পূর্ণ ১০ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে শীর্ষে রয়েছে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে রোববার পঞ্চম রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী ৩-১ গেম পয়েন্টে ঢাকা চেস ক্লাবকে ও গোপালগঞ্জ খেলাঘর দাবা সংঘ ৪-০ গেম পয়েন্টে ই-সফট এরিনা চেস ক্লাবকে পরাজিত করে।

বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ও ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন যথাক্রমে ঢাকা চেস ক্লাবের বিকাশ রঞ্জন দাস, আব্দুল্লাহ আল রাইসন ও দেওয়ান শহিদুল আমিনকে পরাজিত করেন। ঢাকা চেস ক্লাবের ভারতীয় প্রিয়াংশু বড়ুয়া বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে পরাজিত করেন। গোপালগঞ্জ খেলাঘর দাবা সংঘের মুকিতুল ইসলাম রিপন, ভারতীয় সৌরভ চৌবে, ভারতীয় অভয় ভান্ডেভার ও রুবেল হোসেন যথাক্রমে ই-সফট এরিনা চেস ক্লাবের গিয়াসউদ্দিন আহমেদ, মো. আতাউর রহমান, শামস উদ দোহা ও মো. নূরুল ইসলাম মাহিনকে পরাজিত করেন।

এছাড়া জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি ২.৫-১.৫ গেম পয়েন্টে হামিদ স্পোর্টস একাডেমিকে, সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ৩-১ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস ক্লাবকে এবং সাংবাদিক শাহনূর খান স্মৃতি সংসদ ৪-০ গেম পয়েন্টে শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদকে পরাজিত করে।

সোমবার বিকেল ৩টায় ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী ও সাংবাদিক শাহনূর খান স্মৃতি সংসদ, বসির মেমোরিয়াল চেস ক্লাব ও শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদ, হামিদ স্পোর্টস একাডেমি ও সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব, ই-সফট এরিনা চেস ক্লাব ও জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি এবং ঢাকা চেস ক্লাব ও গোপালগঞ্জ খেলাঘর দাবা সংঘ মোকাবেলা করবে।