প্রথম ফিদে দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিস্যাবিলিটিজ আসরের দ্বিতীয় রাউন্ডে এসে কাঙ্খিত জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
সার্বিয়ার বেলগ্রেড শহরে মঙ্গলবার রাতে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ দল ৩-১ গেম পয়েন্টে হারিয়েছে পানামাকে। যদিও প্রথম রাউন্ডে লাল-সবুজের দেশ ১-৩ পয়েন্টে হেরে ছিল সার্বিয়া-১ এর কাছে।
পানামার বিপক্ষে যথাক্রমে বাংলাদেশের সৈয়দ এজাজ হোসেন (রেটিং-১৯৫২) ওসোরিও জেসুস ক্যামিলো (১৮৫৯) কে, মোহাম্মদ আলী নেওয়াজ সরকার (রেটিং-১৮০৯) সিঙ্গারেস মারিও অস্কার (১৪২৫) কে এবং বাপ্পী সরকার (রেটিং-১৭৭৮) ননরেটেড মুনোজ, আলবা ক্রিস্টালকে পরাজিত করেন।
তবে বাংলাদেশের মো. খোরশেদ আলম (রেটিং-২০৬৫) পানামার জিমেনেজ মোরন ইলিয়াসের (১৯৬৭) কাছে হেরে যান।
বাংলাদেশ দলের নন প্লেয়িং অধিনায়ক কাম প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ফিদে ইন্সট্রেটর মাসুদুর রহমান মল্লিক দিপু।
উল্লেখ্য ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ২৫টি দেশের ২৬ টি দল এ আসরে অংশগ্রহণ করছে।
