প্রথম ফিদে দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিস্যাবিলিটিজের উদ্বোধনী রাউন্ডে স্বাগতিক সার্বিয়ার কাছে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ দল।
সার্বিয়ার বেলগ্রেড শহরে শুরু হওয়া সোমবার প্রথম রাউন্ডে বাংলাদেশ দল ১-৩ গেম পয়েন্টে শক্তিশালী সার্বিয়া-১ এর কাছে হেরে যায়। বাংলাদেশের মো. খোরশেদ আলম (রেটিং-২০২৬) ও বাপ্পী সরকার (রেটিং-১৭৭৮) যথাক্রমে সার্বিয়ার পাভিকেভিচ যোবান (রেটিং-২২১৪) ও ঝিভিক ড্রাগানের (রেটিং-২১৮৬) সাথে ড্র করেন। কিন্তু বাংলাদেশের সৈয়দ এজাজ হোসেন (রেটিং-১৯৫২) ও মো. আলী নেওয়াজ সরকার (রেটিং-১৮০৯) যথাক্রমে সার্বিয়া-১ এর টনিক মিলস (রেটিং-২০১৮) ও ইলিক স্লোভোডনের (রেটিং-২১৮৬) পরাজিত হন।
বাংলাদেশ দলের নন প্লেয়িং অধিনায়ক কাম প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ফিদে ইন্সট্রেটর মাসুদুর রহমান মল্লিক দিপু।
মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ও পানামা একে অপরের সাথে মোকাবেলা করবে। খেলাটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
উল্লেখ্য ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ২৫টি দেশের ২৬ টি দল এ আসরে অংশগ্রহণ করছে।
