লড়াই করে হারলো কিউবার কাছে

প্রথম ফিদে দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিস্যাবিলিটিজ -এর চতুর্থ রাউন্ডে শক্তিশালী কিউবার কাছে হেরে গেছে বাংলাদেশ দল।

সার্বিয়ার বেলগ্রেডে বৃহস্পতিবার রাতে চতুর্থ রাউন্ডে বাংলাদেশ ১.৫-২.৫ গেম পয়েন্টে কিউবার কাছে পরাজিত হয়।

প্রথম রাউন্ডে ১-৩ পয়েন্টে সার্বিয়া-১ কাছে লাল-সবুজের দেশ হার দিয়ে শুরু করেছিল। তবে দ্বিতীয় রাউন্ডে ৩-১ পয়েন্টে পানামাকে ও তৃতীয় রাউন্ডে চেক রিপাবলিককে ৩.৫-০.৫ গেম পয়েন্টে হারানোর পর এবার চতুর্থ রাউন্ডে কিউবার কাছে হারলো ১.৫-২.৫ গেম পয়েন্টে।

বাংলাদেশের মো. খোরশেদ আলম (রেটিং-২০৬৫) কিউবার আন্তর্জাতিকমাস্টার মোরালেস রোমেরো পেড্রোকে (২৩৩৯) হারিয়ে চমক দেখান। অপরদিকে মোহাম্মদ আলী নেওয়াজ সরকার (রেটিং-১৮০৯) বাতিস্তা রিভেরা আইডালিসের (১৭৭৫) সাথে ড্র করেন।

তবে সৈয়দ এজাজ হোসেন (রেটিং-১৯৫২) ফিদেমাস্টার লার্ডুয়েট ডেসপাইগনে কার্লোসের (২২৭৭) কাছে এবং বাপ্পী সরকার (১৭৭৮) ইন্টারিয়ান রদ্রিগেজ, আলবার্তোর (২০৮২) কাছে পরাজিত হয়েছেন।

বাংলাদেশ দলের নন প্লেয়িং অধিনায়ক কাম প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ফিদে ইন্সট্রেটর মাসুদুর রহমান মল্লিক দিপু।

৩ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় বাংলাদেশ পঞ্চম রাউন্ডে মোকাবেলা করবে।

উল্লেখ্য ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ২৫টি দেশের ২৬ টি দল এ আসরে অংশগ্রহণ করছে।