শিরোপা প্রত্যাশী বাংলাদেশ পুলিশের জয় দিয়ে শুরু

বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। উদ্বোধনীদিনে বাংলাদেশ পুলিশ, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি ও লিওনাইন চেস ক্লাব নিজ নিজ খেলায় জয় পেয়েছে।

প্রথম রাউন্ডে বাংলাদেশ পুলিশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে মানহা’স ক্যাসেলকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের পক্ষে গ্র্যান্ডমাস্টার তর-শাহাকিয়ান সামভেল, গ্র্যান্ডমাস্টার অভিম্যানু পৌরনিক ও জিয়াউর রহমান যথাক্রমে মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক ও শুভ্রদিপ্ত দাসকে পরাজিত করেন। মানহা’স ক্যাসেলের আন্তর্জাতিকমাস্টার কুশাগ্রা মোহন বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহামানের সাথে ড্র করেন।

এদিকে বাংলাদেশ বিমান ২-২ গেম পয়েন্টে পল্লী সঞ্চয় ব্যাংক সাথে ড্র করে। বাংলাদেশ বিমানের ভারতীয় গ্র্যান্ডমাস্টার ভি প্রনভ পল্লী সঞ্চয় ব্যাংকের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবকে, পল্লী সঞ্চয় ব্যাংকের গ্র্যান্ডমাস্টার মাকসিম চিগায়েভ বাংলাদেশ বিমানের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে পরাজিত করেন। পল্লী সঞ্চয় ব্যাংকের গ্র্যান্ডমাস্টার ইনিয়ান পা ও অনত চৌধুরীর যথাক্রমে বাংলাদেশ বিমানের গ্র্যান্ডমাস্টার নারায়নান শ্রীনাথ ও ফিদে মাস্টার নাইম হক সাথে ড্র করেন।

অপরদিকে শেখ রাসেল চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীর সাথে ড্র করে। শেখ রাসেল চেস ক্লাবের আন্তর্জাতিকমাস্টার সংকেত চক্রবর্তী ও অর্পন দাস যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে পরাজিত করেন। বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ফিদেমাস্টার মনন রেজা নীড় যথাক্রমে শেখ রাসেল চেস ক্লাবের স্বর্নাভো চৌধুরী ও ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকারকে পরাজিত করেন।

তবে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি ২.৫-১.৫ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে পরাজিত করে। জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ও আব্দুল্লাহ আল রাইসন যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মো. মঞ্জুর আলম ও মো. মোহাইমেনুল ইসলামকে পরাজিত করেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মো. হাসান ঈমাম জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির শেখ রাশেদুল হাসানকে পরাজিত করেন। জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মিহিল লাল দাস উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাশনিক সায়ান শানের সাথে ড্র করেন।

এছাড়া লিওনাইন চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে হারিয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে। রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ক্যান্ডিডেটমাস্টার মো. নাসিম হোসেন ভূঁইয়া, তানভীর আলম ও দিয়া চৌধুরী যথাক্রমে লিওনাইন চেস ক্লাবের আহমেদ হোসেন মজুমদার, ফিদেমাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ও আন্তর্জাতিকমাস্টার হরিকৃষ্ণ এর সাথে ড্র করেন। লিওনাইন চেস ক্লাবের ভি এস রথনভেল রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের মৃত্তিকা মল্লিককে পরাজিত করেন। তিতাস ক্লাবের এ রাউন্ডে বিরতি ছিল।

আগামীকাল ২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।