বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ আজ শুরু

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব ছাড়াই বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ আজ (১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হচ্ছে। ১১টি দলের অংশগ্রহণে এ আসরের উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম।

গতকাল (৩১ জানুয়ারি) বুধবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অংশগ্রহণকারী দলসমূহের নম্বর ড্র ও টেকনিক্যাল মিটিং অনুষ্ঠিত হয়। নম্বর ড্র অনুযায়ী দলগুলো হচ্ছে ০১. তিতাস ক্লাব, ০২. শেখ রাসেল চেস ক্লাব, ০৩. বাংলাদেশ পুলিশ, ০৪. পল্লী সঞ্চয় ব্যাংক, ০৫. জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি, ০৬. লিওনাইন চেস ক্লাব, ০৭. রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, ০৮. উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, ০৯. বাংলাদেশ বিমান, ১০. মানহা’স ক্যাসেল এবং ১১. বাংলাদেশ নৌবাহিনী। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব এবার অংশ নিচ্ছে না।

আজ প্রথম রাউন্ডে শেখ রাসেল চেস ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ ও মানহা’স ক্যাসেল, পল্লী সঞ্চয় ব্যাংক ও বাংলাদেশ বিমান, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব এবং লিওনাইন চেস ক্লাব ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ একে অপরের মোকাবেলা করবে।

ঘরোয়া দাবার সর্বোচ্চ দলগত এই আসরে স্থানীয় দাবাড়ু ছাড়াও বিভিন্ন দলের হয়ে ভারত, আর্মেনিয়া ও স্পেনের দাবাড়ুরা অংশ নিচ্ছেন।

উল্লেখ্য বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের খেলা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। লিগে অংশগ্রহণ না করায় সাইফ স্পোর্টিং ক্লাব এবং চূড়ান্ত রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের সর্বনিম্ন দল প্রথম বিভাগ দাবা লিগে নেমে যাবে।