নুরুল ইসলাম স্মৃতি দাবায় ভারতের সৌরভ চ্যাম্পিয়ন

নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ভারতের অ্যামেচার ফিদেমাস্টার সৌরভ চৌবে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৬ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন।

এদিকে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেন রানারআপ হয়েছেন। একই পয়েন্ট পেয়ে আমির সোহেল তৃতীয় ও মোহাম্মদ সেলিম চতুর্থ হয়েছেন।

অপরদিকে ৪ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে গোলাম সারওয়ার পঞ্চম, মর্তুজা মুহতাদির ইসলাম ষষ্ঠ ও মোহাম্মদ মেসবাহউদ্দিন সপ্তম হয়েছেন।

তবে মর্তুজা মাহাথির ইসলাম ৩.৫ পয়েন্ট পেয়ে অষ্টম হয়েছেন।

সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা আক্তার মালা, মহানগর তাতী লীগের আহবায়ক চৌধুরী এইচ এম ফারুক শাহেদ প্রমুখ।

উল্লেখ্য বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের পৃষ্ঠপোষকতায় ১১-১৪ জুন ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে নারায়ণগঞ্জে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। ভারত ও স্বাগতিক বাংলাদেশের ১৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।ম্যাচগুলো পরিচালনা করেন ফিদে আরবিটার মোহাম্মদ শামীম। বিজয়ীদের ৩০ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়।