স্কুল টুর্নামেন্টে মুগ্ধ অপরাজিত চ্যাম্পিয়ন

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত ‘আরআইএস ফিদে স্ট্যান্ডার্ড রেটিং স্কুল দাবা টুর্নামেন্ট’ ৬ ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইন স্কুলের রাইয়ান রশিদ মুগ্ধ অপরাজিত চ্যাম্পিয়ন, চাঁদপুরের চেরিয়ারা হাই স্কুল অ্যান্ড কলেজের আয়াশ আব্দুল্লাহ বিন খাজির অপরাজিত রানারআপ এবং রাজারবাগ পুলিশ লাইন স্কুলের সাফায়াত কিবরিয়া আজান অপরাজিত তৃতীয়স্থান লাভ করেন।

এদিকে ৪.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ থেকে ষষ্ঠ হয়েছে যথাক্রমে যশোর জেলা স্কুলের মিফতাহুল ইসলাম, মনিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের এসএম জাহিন আল আজিজ এবং গভর্নমেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের জারিফ খন্দকার।

অপরদিকে ৪ পয়েন্ট সংগ্রহ করে মেয়েদের মধ্যে সেরা হয়েছে ওয়ারিসা হায়দার। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মাহজাবীন ইসলাম, আইলান আফনান, তাজওয়ার, আয়েশা ইসলাম তুয়া, আফসান আহলিয়াত কৃষ্টি।

সমাপনী দিনে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত হোসেন, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আলম, ক্লাবের সাবেক সহসভাপতি মোস্তফা হায়দার, ক্লাবের সদস্য আবুল হোসেন কোহেন এবং টুর্নামেন্টের ডেপুটি চিফ আরবিটর আসিফ মাহমুদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় উত্তরা ১৩ নম্বর সেক্টর রেডিয়াস ইন্টারন্যাশনাল স্কুলে ৭ ও ৮ জুন দুইদিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে ৩২টি স্কুলের ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।