নীড় শীর্ষেই : দ্বিতীয়স্থানে জিয়া

বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার একাদশ রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন। একই সঙ্গে আন্তর্জাতিকমাস্টারের নর্মটি ১১ খেলায় উন্নীত করেছেন।

এদিকে ৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান এককভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন।

অপরদিকে ৭.৫ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয়স্থানে অবস্থান করছেন বাংলাদেশ আনসারের গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

তবে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ৭ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে ও বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম স্থানে রয়েছেন।

আজ ৪ জুলাই বৃহস্পতিবার একাদশ রাউন্ডের ফিদেমাস্টার মনন রেজা নীড় বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ বরিশালের ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জীকে, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায়কে পরাজিত করেন।

এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদের সাথে ড্র,
পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরী বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হকের সাথে ড্র করেন।

আগামীকাল ৫ জুলাই শুক্রবার বিকেল ৩টায় দ্বাদশ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।