গ্র্যান্ডমাস্টার জিয়া স্মৃতি আন্তর্জাতিক দাবা শুরু

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আজ ১৬ ফেব্রুয়ারি রোববার থেকে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পন পাওয়ার চেস একাডেমির সভাপতি আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে ২ জন আন্তর্জাতিকমাস্টার ও ৭ জন ফিদেমাস্টারসহ ৩১ জন খেলোয়াড় এবং অনূর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে ১০৭ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

উদ্বোধনী দিনে উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে ১৩ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয় লাভ করেছেন। তারা হলেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, অনত চৌধুরী, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, মো. মঞ্জুর আলম, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ও ক্যান্ডিডডেটমাস্টার সোহেল চৌধুরী। তবে নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন এবং নারী ক্যান্ডিডেটমাস্টার নীলাভা চৌধুরী ও ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ এক অপরের সঙ্গে ড্র করেন। এদিকে অনূর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে ৪৬ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয় পেয়েছেন।

আগামীকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় উভয় গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।

উল্লেখ্য বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় সেন্ট যোসেফ ওল্ড বয়েজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পন পাওয়ার চেস ক্লাবের আয়োজনে এ প্রতিযোগিতার বিজয়ীদের নগদ এক লক্ষ তেইশ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।