জোনাল চ্যাম্পিয়নরা শুক্রবার দেশে ফিরছেন

এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও নারী বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ আগামীকাল ২১ মার্চ শুক্রবার শ্রীলঙ্কা থেকে শিরোপা নিয়ে দেশে ফিরছেন। সকাল দশটায় তারা কলম্বো থেকে ঢাকা পৌঁছুবেন।

আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আগামী ৩১ অক্টোবর হতে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। শুধু তাই নয়, নীড় হলেন সবচেয়ে কম বয়সী বাংলাদেশী খেলোয়াড় যিনি ১৫ বছর বয়সে বিশ্বকাপ দাবায় খেলতে যাচ্ছেন। এর আগে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১৬ বছর বয়সে ২০১৯ সালে বিশ্বকাপ দাবায় খেলেন।

এদিকে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ এবারের নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়ে নারী আন্তর্জাতিকমাস্টার খেতাব পাচ্ছেন। ওয়াদিফা হচ্ছেন দেশের সবচেয়ে কম বয়সী নারী আন্তর্জাতিকমাস্টার খেতাবপ্রাপ্ত খেলোয়াড়। তিনি ১৭ বছর বয়সে এ খেতাব পেতে যাচ্ছেন। তিনিও সবচেয়ে কম বয়সী বাংলাদেশী নারী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এর আগে শামীমা আক্তার লিজা ২২ বছর বয়সে ২০১১ সালে নারী আন্তর্জাতিকমাস্টার হয়েছিলেন।

একই ফ্লাইটে আসছেন ওপেন বিভাগের রানারআপ ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। তিনি এ আসর থেকে একটি আন্তর্জাতিকমাস্টার নর্ম পেয়েছেন। এটি তার দ্বিতীয় নর্ম। এর আগে প্রথম নর্মটি পেয়েছিলেন ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতা থেকে।

উল্লেখ্য শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রামাদা হোটেলে গত ১১-১৮ মার্চ অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। জোনাল দাবায় অংশ নেওয়া ১২ সদস্যের পুরো দলই শুক্রবার দেশে ফিরবেন।

এশিয়ান জোনালে বাংলাদেশের যত অর্জন

রোল অব অনার [ওপেন বিভাগ]
সাল চ্যাম্পিয়ন রানারআপ
২০১১ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান : গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ
২০১৩ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান : গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার
২০১৫ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান : গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব
২০১৭ গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব : গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান
২০১৯ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান : গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার
২০২১ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান : গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব
২০২৩ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান : ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া
২০২৫ আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় : ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া

২০২১ সালে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়।

রোল অব অনার [নারী বিভাগ]
সাল চ্যাম্পিয়ন রানারআপ

২০২১ নারী আন্তর্জাতিকমাস্টার এস ডি রানাসিংহে : নারী আন্তর্জাতিকমাস্টার শামীমা আক্তার লিজা
২০১৩ নারী আন্তর্জাতিকমাস্টার শামীমা আক্তার লিজা : নারী আন্তর্জাতিকমাস্টার এস ডি রানাসিংহে
২০১৫ নারী আন্তর্জাতিকমাস্টার শামীমা আক্তার লিজা : নারী আন্তর্জাতিকমাস্টার এস ডি রানাসিংহে
২০১৭ নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ : নারী আন্তর্জাতিকমাস্টার শামীমা আক্তার লিজা
২০১৯ নারী আন্তর্জাতিকমাস্টার শারমিন সুলতানা শিরিন : নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম
২০২৩ নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস : নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম
২০২৫ নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ : নারী আন্তর্জাতিকমাস্টার গুণাবর্ধানা দিভিনদিয়া ওশিনি

২০২১ অনুষ্ঠিত হয়নি।