এয়ারপোর্টে ফুলেল শুভেচ্ছা পেলেন দাবাড়ুরা

এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও নারী বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদসহ বাংলাদেশ দাবা দল আজ ২১ মার্চ শুক্রবার সকালে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন।

কলম্বো থেকে দাবাড়ুরা হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুলে বাংলাদেশ দাবা ফেডারেশন এর পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।

উল্লেখ্য এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতার ওপেন ও নারী বিভাগে যথাক্রমে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ চ্যাম্পিয়ন হওয়ায় তারা বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এছাড়া এ আসর থেকে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া রানারআপ হওয়ার পাশাপাশি আন্তর্জাতিকমাস্টারের একটি নর্ম অর্জন করেন।

এদিকে ওপেন বিভাগে দেশের অপর দাবাড়ুদের মধ্যে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চতুর্থ ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন পঞ্চম স্থান লাভ করেন। অপরদিকে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ২২তম, কাজী আফসান রওনক আনান ২৪তম, অমিত বিক্রম রায় ৩২তম ও তানভীর আলম ৩৭তম হয়েছেন।

তবে নারী বিভাগে নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ সপ্তম, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম দ্বাদশ ও আসিয়া সুলতানা ২২তম হয়েছেন।

ওপনে বিভাগে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কার ৪ জন আন্তর্জাতিকমাস্টার ও ৬ জন ফিদেমাস্টারসহ ৪০ জন এবং নারী বিভাগে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কার ২ জন নারী আন্তর্জাতিকমাস্টার ও ২ জন নারী ফিদেমাস্টারসহ ২৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।