বিশ্বকাপ দাবা ও নারী বিশ্বকাপ দাবার বাছাইপর্বখ্যাত এশিয়ান ৩.২ জোনাল দাবার ওপেন বিভাগ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ। এই কীর্তি গড়ে দুজনই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছেন।
গত শুক্রবার দেশে ফেরার পর দুই প্রতিভাবান দাবাড়ুকে নিজের দফতরে ডেকেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার দুপুরে নগর ভবনস্থ কার্যালয়ে মনন রেজা নীড় এবং ওয়াদিফা আহমেদ দেখা করলে তাদের অভিনন্দন জানান ক্রীড়া উপদেষ্টা।
জোনালজয়ী দুই খেলোয়াড় ছাড়াও দেশের দুই গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, জাতীয় নারী চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্মসম্পাদক লোকমান হোসেন মোল্লা লাভলু এ সময় উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া উপদেষ্টা দুই দাবাড়ুর এ অসামান্য অর্জনের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের দাবা খেলার বিভিন্ন সমস্যা অবহিত করলে উপদেষ্টা ভবিষ্যতে সমাধানের আশ্বাস দেন।
