ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫ গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের প্রথম রাউন্ড হার দিয়ে শুরু করলেও পরবর্তী টানা দুই রাউন্ড জয় পেয়েছেন। এর ফলে ৩ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন।
হাঙ্গেরির বুদাপেস্টে রোববার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (২৩২৭) প্রথম রাউন্ডে ভারতের ফিদেমাস্টার বোরগাওকার অক্ষয়ের (২৪১৮) কাছে হেরে যান।
কিন্তু দ্বিতীয় রাউন্ডে তাহসিন (২৩২৭) মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিকমাস্টার অস্ট্রোভস্কি আলেকজান্ডারকে (২৩৯৪) হারিয়ে জয়ে ফেরেন।
তৃতীয় রাউন্ডেও জয় পেয়েছেন তাহসিন (২৩২৭)। তিনি সুইজারল্যান্ডের ফিদেমাস্টার রোহরার, ক্রিস্টোফকে (২২৬৬) পরাজিত করেন।
আজ চতুর্থ রাউন্ডে তাহসিন (২৩২৭) সার্বিয়ার গ্র্যান্ডমাস্টার পেপ মিসার (২৪৫৭) সঙ্গে মোকাবেলা করবেন।
উল্লেখ্য রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮টি দেশের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৫ জন আন্তর্জাতিক মাস্টার ও ২ জন ফিদেমাস্টারসহ মোট ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
