জয়ে ফিরেছেন তাহসিন

সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫ গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে জয়ে ফিরেছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। হাঙ্গেরির বুদাপেস্টে ২৭ মার্চ রাতে ষষ্ঠ রাউন্ডে তাহসিন (২৩২৭) ভারতের ফিদেমাস্টার শান্তি জ্যাককে (২৩৩৬) পরাজিত করেছেন।

এর ফলে ৬ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে তাহসিন ১০ জনের মধ্যে ২ জনের সঙ্গে পঞ্চম স্থানে অবস্থান করছেন।

এ আসরে তাহসিন প্রথম রাউন্ডে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে জয় পাওয়ার পর আবার চতুর্থ ও পঞ্চম পরপর দুই রাউন্ড হারের মুখ দেখেন। তবে ষষ্ঠ রাউন্ডে এসে তিনি জয়ে ফিরেন।

তাহসিন (২৩২৭) প্রথম রাউন্ডে ভারতের ফিদেমাস্টার বোরগাওকার অক্ষয়ের (২৪১৮) কাছে হেরে গেলেও দ্বিতীয় রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিকমাস্টার অস্ট্রোভস্কি আলেকজান্ডার (২৩৯৪) ও তৃতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের ফিদেমাস্টার রোহরার ক্রিস্টোফকে (২২৬৬) পরাজিত করেন।

এরপর চতুর্থ রাউন্ডে সার্বিয়ার গ্র্যান্ডমাস্টার পেপ মিসার (২৪৫৭) এবং পঞ্চম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার উসকভ আর্টেমের (২৪৬১) কাছে পরাজিত হয়েছেন। কিন্তু ষষ্ঠ রাউন্ডে ভারতের ফিদেমাস্টার শান্তি জ্যাককে (২৩৩৬) পরাজিত করেন।

২৮ মার্চ রাতে সপ্তম রাউন্ডে তাহসিন (২৩২৭) কাজাকস্তানের ফিদেমাস্টার মোল্দাগালি বেকসুলতানের (২৩৯৮) সঙ্গে মোকাবেলা করবেন।

উল্লেখ্য রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮টি দেশের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৫ জন আন্তর্জাতিক মাস্টার ও ২ জন ফিদেমাস্টারসহ মোট ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।