এশিয়ান চ্যাম্পিয়নশিপে নীড়ের চমকপ্রদ জয়

এশিয়ান ইনডিভিজুয়্যাল চেস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় চমকপ্রদ জয় পেয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে আজ ৭ মে বুধবার নীড় (২৪০৩) সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার টিন জেং ইয়াওকে (২৬০১) পরাজিত করেন।

এদিকে তিতাস ক্লাবের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (২৩৭৪) ফিদের প্রতিনিধি হয়ে খেলা গ্র্যান্ডমাস্টার ইভান জেমলিয়ানস্কির (২৫৬৩) কাছে এবং ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ (২২৩৪) চীনের আন্তর্জাতিকমাস্টার চেন, কিউইর(২৪৮২) কাছে হেরে যান।

অপরদিকে নারী বিভাগে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম (২০১৩) মঙ্গোলিয়ার নারী ক্যান্ডিডেটমাস্টার মুনগুনজুল, বাত-এরদেনের কাছে (২৩০২) পরাজিত হয়েছেন।

আগামীকাল ৮ মে বৃহস্পতিবার আল আইনের স্থানীয় সময় বিকেল ৩টায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

উল্লেখ্য ওপেন বিভাগে ৫১ জন গ্র্যান্ডমাস্টার ও ৫৪ জন আন্তর্জাতিকমাস্টারসহ ১৫৮ জন খেলোয়াড় এবং নারী বিভাগে ২ জন গ্র্যান্ডমাস্টার, ১৯ জন নারী গ্র্যান্ডমাস্টার, ১৩ জন আন্তর্জাতিকমাস্টার ও ২১ জন নারী আন্তর্জাতিকমাস্টারসহ ১০৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। উভয় বিভাগের খেলাই ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ওপেন বিভাগ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ১২ জন ফিদে বিশ্বকাপ দাবায় এবং নারী বিভাগের শীর্ষ ৩ জন খেলোয়াড় নারী বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন।