তাহসিন-নোশিনের জয়ের দিনে নীড়ের ড্র

এশিয়ান ইনডিভিজুয়্যাল চেস চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ড্র করেছেন। তবে তিতাস ক্লাবের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া জয় পেয়েছেন। কিন্তু তিতাস ক্লাবের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আবারো পরাজয়ের মুখ দেখেছেন।

এদিকে নারী বিভাগের দ্বিতীয় রাউন্ডে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এসেছেন বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম।

সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে আজ ৮ মে বৃহস্পতিবার নীড় (২৪০৩) কাজাখস্তানের আন্তর্জাতিকমাস্টার আনসাত আলদিয়ার (২৪৮৯) সঙ্গে ড্র করেন। তাহসিন (২৩৭৪) শ্রীলঙ্কার ক্যান্ডিডেটমাস্টার কোদিথুওয়াক্কু দিনুজায়াকে (২০১১) পরাজিত করেছেন। তবে সাজিদ (২২৩৪) ভারতের গ্র্যান্ডমাস্টার প্রণবের (২৬২১) কাছে হেরে যান। অন্যদিকে নোশিন (২০১৩) ভারতের সানন্দাকে (১৭৪৬) কে হারিয়েছেন।

আগামীকাল ৯ মে শুক্রবার আল আইনের স্থানীয় সময় বিকেল ৩টায় তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।