পরাগের সঙ্গে ফের সাকলাইন শীর্ষে

ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগের সঙ্গে পন পাওয়ার রাউন্ড রবিন চেস টুর্নামেন্টে ফের শীর্ষে উঠে এলেন ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। উভয়ে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শিরোপা রেসে সমানভাবে এগিয়ে চলেছেন।

তবে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল ও ভারতের শুভ্রজিৎ দে দ্বিতীয়স্থানে অবস্থান করছেন। কিন্তু ফিদেমাস্টার নাইম হক ৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন।

আজ ২০ আগস্ট নারায়ণগঞ্জ রূপায়ন স্যাটালাইট টাউনে পন পাওয়ার চেস ক্লাবের হল রুমে অষ্টম রাউন্ডে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে ও আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ফিদেমাস্টার নাইম হককে পরাজিত করেন। এছাড়া ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ রায়ান রশিদ মুগ্ধর সাথে ড্র করেন। শুভ্রজিৎ দে ফিরোজ আহমেদের বিরুদ্ধে এবং শুভংকর মাইত ক্যান্ডিডেটমাস্টার মনির হোসের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

আগামীকাল ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় একই ভেন্যুতে নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।