ব্রিটিশ-বাংলা চেস এসোসিয়েশনের চমক

।। আবু মুসা হাসান, লন্ডন থেকে ।।

বিলেত প্রবাসী বাঙালি দাবাড়ুদের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্রিটিশ-বাংলা চেস এসোসিয়েশন (বিবিসিএ) সদ্যসমাপ্ত ব্রিটিশ চেস চ্যাম্পিয়নশিপের র‍্যাপিড টুর্নামেন্ট ও অনূর্ধ্ব-২০০০ রেটিং ক্যাটাগরি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছে।

লিভারপুলে গত ৯ আগস্ট ব্রিটিশ চেস চ্যাম্পিয়নশিপের র‍্যাপিড টুর্নামেন্টে ব্রিটিশ-বাংলা চেস এসোসিয়েশনের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব চ্যাম্পিয়ন হয়েছেন।

অপরদিকে অনূর্ধ্ব-২০০০ রেটিং ক্যাটাগরি টুর্নামেন্টে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছেন তারিক খান। তবে ওপেনে রানারআপ হয়েছেন ইমরান আলী এলিন। এছাড়া অনূর্ধ্ব-২০০০ ক্যাটাগরি টুর্নামেন্টে অপর দুইজনের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন হাসান মোগালু।

৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে রাজীব ৬ পয়েন্ট, ইমরান ৫.৫ পয়েন্ট, অনূর্ধ্ব-২০০০ ক্যাটাগরিতে তারিক খান ৬ পয়েন্ট এবং হাসান মোগালু ৫.৫ পয়েন্ট লাভ করেন।

উল্লেখ্য ২০১৫ সালে বাঙালি দাবাড়ুদের উদ্যোগে ব্রিটিশ-বাংলা চেস এসোসিয়েশন (বিবিসিএ) প্রতিষ্ঠিত হলেও ইংলিশ দাবাড়ুদের পাশাপাশি জাপান, ভারত, কাজাখস্তান, পাকিস্তান, ফ্রান্স, নাইজেরিয়ান, উগান্ডাসব বিভিন্ন দেশের দাবাড়ুরা এ ক্লাবের সদস্য। সর্বকনিষ্ঠ ব্রিটিশ গ্র্যান্ডমাস্টার শ্রেয়াস রয়েল এ ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। সম্প্রতি গ্র্যান্ডমাস্টার রাজীবও এ ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন।